মানিকগঞ্জের সিংগাইরে ইটবাহী ট্রাকের সাথে সংঘর্ষে ইঞ্জিনচালিত ভ্যান চালক মো. হায়দার আলী (২০) নিহত হয়েছেন।
রবিবার (৯ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের জয়মন্টপ ইউনিয়নের ভাকুম খেজুর বাগান ব্রিজের পূর্বপাশে দুর্ঘটনাটি ঘটে।
নিহত ভ্যানচালক হায়দার আলী জয়মন্টপ ইউনিয়নের নাজিরপুর গ্রামের মো. জালাল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সিংগাইরের দিক থেকে আসা ইট বোঝায় ট্রাক বিপরীত দিক থেকে আসা ভ্যানকে মুখোমুখি চাঁপা দিলে ভ্যানচালক মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। ট্রাক চাঁপা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় ভূমদক্ষিণ বাজারে জনতার হাতে ট্রাক ও হেলপার আটক হন। কৌশলে চালক পালিয়ে যান। পরে ট্রাক ও হেলপারকে থানা পুলিশের হেফাজতে দেয়া হয়।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্লা বলেন, ঘাতক ট্রাকটিকে হেলপারসহ আটক করা হয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।